
নিজস্ব প্রতিবেদক,
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। বুধবার রাত ১২টার পর থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চিত্র এখন এমনই—তীব্র যানজট আর দীর্ঘ অপেক্ষা। বিশেষ করে গাজীপুর চৌরাস্তা থেকে কোনাবাড়ী, মৌচাক হয়ে চন্দ্রা পর্যন্ত জ্যামের যে দৃশ্য, তা যেন চোখে দেখা যাচ্ছে না।
অপেক্ষার প্রহর ও নাড়ির টান
ভোররাত থেকে জ্যামে গাড়ির গতি কিছুটা থাকলেও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। একই জায়গায় টানা তিন ঘণ্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যানবাহন। সাধারণ যাত্রীদের চোখেমুখে এখন একটাই প্রশ্ন— “কখন ছুটবে গাড়ি, আর কখন ফিরব বাড়ি?” এই দীর্ঘ প্রতীক্ষা আর অনিশ্চয়তা সত্ত্বেও মানুষের বাড়ি ফেরার আকুতি কমেনি।
কষ্ট ছাপিয়ে সুখের স্বপ্ন
মহাসড়কে আটকে থাকা মানুষের সাথে কথা বলে জানা যায়, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কেউ ট্রাকে, কেউ মোটরসাইকেলে আবার কেউ সিএনজিতে করে নাড়ির টানে বাড়ির দিকে ছুটছেন। তাদের কাছে পথের এই অমানুষিক কষ্ট কোনো বিষয়ই নয়; স্বজনদের সাথে ঈদ করাটাই তাদের কাছে সবচেয়ে বড় খুশির কথা। প্রিয়জনদের সাথে একবেলা ঈদের আনন্দ ভাগ করে নিতে পারলেই সব কষ্ট সার্থক বলে মনে করছেন তারা।
প্রশাসনের নিরলস পরিশ্রম
এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, সেনাবাহিনী এবং আনসার সদস্যরা গতবারের চেয়েও অনেক বেশি তৎপর। গতকাল দুপুরের পর থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হলেও তারা নিজেদের সর্বস্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।
গাজীপুর জেলা পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মানুষ যেন সুস্থভাবে এবং নিরাপদে বাড়ি ফিরে স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে পারে, সেই লক্ষ্যেই তারা মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করছেন। তিনি যাত্রীদের সফল গন্তব্য কামনা করে তাদের জন্য দোয়াও করেছেন।