
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া, ৪ এপ্রিল ২০২৬:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাইতলা বিলে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশনায় শুক্রবার (৩ এপ্রিল) রাতের এ অভিযানে দুটি ড্রেজার মেশিন অচল করে দেওয়া হয় এবং কয়েকশত ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবির। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা এলাকা ত্যাগ করে বলে জানা গেছে।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাইতলা বিল এলাকায় অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি উত্তোলন চলছিল। এতে আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় জেলা প্রশাসন।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ এবং কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তারা সতর্ক করেন।
স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং স্থায়ীভাবে অবৈধ ড্রেজিং বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।