
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকায় পেট্রোল, অকটেন ও ডিজেল নির্ধারিত সরকারি মূল্যে বিক্রি হচ্ছে। আজ বুধবার সন্ধ্যা সাতটায় স্থানীয় পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ার পরও দেশের বাজারে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
স্থানীয় ও পাম্পে গিয়ে দেখা যায় সূত্রে কুটি চৌমুহনী ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত দামে জ্বালানি বিক্রি করা হচ্ছে। ফলে সরবরাহ বা অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ নেই বলে জানিয়েছেন ভোক্তারা। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হ্রাস পেলেও দেশের বাজারে দাম অপরিবর্তিত থাকায় সাধারণ মানুষের মাঝে কিছুটা অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় একাধিক মোটরচালক ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, বিশ্ববাজারে তেলের দাম কমলে তার প্রভাব দেশের বাজারেও পড়ার কথা। কিন্তু বাস্তবে সেই সুবিধা পাওয়া যাচ্ছে না, ফলে পরিবহন ব্যয় কমছে না এবং এর প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের মূল্য নির্ধারণে সরকার বিভিন্ন বিষয় বিবেচনা করে থাকে, যার মধ্যে রয়েছে আমদানি খরচ, ভর্তুকি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার। এসব কারণে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও তা সরাসরি দেশীয় বাজারে প্রতিফলিত নাও হতে পারে।
তবে সাধারণ ভোক্তারা দ্রুত জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের দাবি জানিয়েছেন, যাতে জীবনযাত্রার ব্যয় কিছুটা হলেও কমে আসে।