
কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নে একটি বসতবাড়িতে দুর্ধর্ষ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার মাগরিবের নামাজের সময় জামালপুর এলাকার এমদাদ হোসেন তুলা মিয়ার বাড়িতে এই তান্ডব চালানো হয়। হামলায় ১৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১৫ লাখ টাকা লুটসহ বাড়ির আসবাবপত্র ও মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
ভুক্তভোগী এমদাদ হোসেন তুলা মিয়ার স্ত্রী নার্গিস আক্তার জানান, শনিবার মাগরিবের নামাজের সময় বাড়িতে কোনো পুরুষ লোক ছিল না। এ সময় ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র দা, কুড়াল ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা শুরু করে। প্রাণভয়ে তিনি ও তার দুই পুত্রবধূ বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। হামলাকারীরা ভবনের নিচতলা ও দোতলার আটটি রুমে প্রবেশ করে ৪টি আলমিরা ও ৮টি ওয়ার্ডড্রব ভেঙে ১৬ ভরি স্বর্ণ, ৬টি মোবাইল এবং মাছ বিক্রির গচ্ছিত নগদ ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ সময় বাড়িতে ডাকাত পড়েছে বলে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং মাদ্রাসার মাইকে ঘোষণা দেওয়া হয়। এলাকাবাসী জড়ো হতে থাকলে হামলাকারীরা তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র ফেলে রেখে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা তিনটি লেগুনা ও বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে এসে এই হামলা ও ভাঙচুর চালায়।
ঘটনার পরপরই মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের শনাক্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন।
এ ব্যাপারে মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান জানান, “জামালপুর এলাকায় ডাকাতির সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। এটি একটি পরিকল্পিত হামলা ও লুটপাট বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। ভুক্তভোগীদের দাবি অনুযায়ী ১৬ ভরি স্বর্ণ, ১৫ লাখ টাকা ও মোবাইলসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
তিনি আরও জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। ঘটনার সাথে প্রকৃতপক্ষে যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করে দ্রুত আইনের হাতে সোপর্দ করা হবে।