
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিলিভারের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান মেসার্স এস এম ট্রেডার্সের অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ভবনের পেছনের দেওয়াল কেটে অফিসে ঢুকে প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।
রবিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে পৌর শহরের ঢাকা–রংপুর মহাসড়ক সংলগ্ন দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার পান্তাপাড়ায় এ ঘটনা ঘটে।
অফিস সূত্রে জানা যায়, ভোররাতে কয়েকজন চোর মুখে মাস্ক পরে ড্রিল মেশিনের সাহায্যে ভবনের পেছনের দেয়াল কেটে গোডাউনে প্রবেশ করে। পরে অফিসের দরজা ভেঙে লকার ও বিভিন্ন টেবিলের ড্রয়ার ভেঙে নগদ ১২ থেকে ১৩ লাখ টাকা নিয়ে যায়। ব্যাংক বন্ধ থাকায় ওই টাকা অফিসেই রাখা হয়েছিল। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মেসার্স এস এম ট্রেডার্সের স্বত্বাধিকারী সৈয়দ আশরাফুল আলম মানিক বলেন, সকালে খবর পেয়ে অফিসে এসে দেখি গোডাউনের পেছনের দেয়াল কাটা, ভেতরের দরজা ভাঙা এবং লকার ও ড্রয়ার ভেঙে বিপুল পরিমাণ টাকা চুরি করা হয়েছে। এর আগেও এখানে চুরির ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। আমরা চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত ও চোরদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।
প্রতিষ্ঠানটির ম্যানেজার আপেল মিয়া বলেন, এখানে ৭০ থেকে ৮০ জন শ্রমিক কাজ করেন। বড় অঙ্কের টাকা চুরি হওয়ায় প্রতিষ্ঠানটি ক্ষতির মুখে পড়েছে। যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের সবার পরিবার বিপদে পড়বে। আমরা চাই পুলিশ দ্রুত তদন্ত করে চোরদের গ্রেফতার ও টাকা উদ্ধার করুক।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।