
নুরনবী সোহেল, নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক জনাব মোঃ নুরুল কবির এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় কমিটির সদস্য সচিব জনাব এস এম গিয়াস উদ্দিন সম্রাট।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি জনাব আলমগীর গনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব জনাব মোহাম্মদ মনজুর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক জনাব আতিকুর রহমান আজাদ, কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব খাইরুল ইসলাম,কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব মোঃ জাফর উল্লাহ এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সচিব জনাব এম হোসাইন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি জনাব আলমগীর গনি বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই তৃণমূলের সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে সাংবাদিকতা পেশায় নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। চট্টগ্রাম বিভাগের সাংবাদিকরা অত্যন্ত মেধাবী ও সাহসী। কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় চট্টগ্রাম বিভাগীয় কমিটির পাশে রয়েছে এবং সাংগঠনিক যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।” তিনি আরও বলেন, অপসাংবাদিকতা রোধে প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় মহাসচিব জনাব মনজুর হোসেন সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “একটি সংগঠন তখনই শক্তিশালী হয়, যখন এর তৃণমূল পর্যায়ের কমিটিগুলো সক্রিয় থাকে। চট্টগ্রাম বিভাগের অধীন সকল জেলা ও উপজেলা পর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সদস্যদের একটি আধুনিক ডিজিটাল ডাটাবেজ তৈরি করতে হবে, যাতে প্রকৃত সাংবাদিকরা তাদের প্রাপ্য সম্মান ও সাংগঠনিক সুবিধা পেতে পারেন।”
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক জনাব আতিকুর রহমান আজাদ বলেন, “চট্টগ্রাম বিভাগ সাংগঠনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আজকের এই উপস্থিতি চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। আমরা অচিরেই বিভাগের প্রতিটি জেলায় সাংগঠনিক সফর শুরু করব এবং তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করব।”
অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব জনাব মোঃ জাফর উল্লাহ এবং প্রচার ও প্রকাশনা সচিব জনাব এম হোসাইন তাদের বক্তব্যে সাংবাদিকদের কল্যাণে একটি শক্তিশালী কল্যাণ তহবিল গঠন, পেশাগত দায়িত্ব পালনে আইনি সহায়তা সেল তৈরি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক জনাব মোঃ নুরুল কবির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা আমাদের আগামীর পথচলায় পাথেয় হয়ে থাকবে। আমরা চট্টগ্রাম বিভাগীয় কমিটিকে দেশের অন্যতম সেরা ও মডেল ইউনিট হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।”
সঞ্চালক ও সদস্য সচিব জনাব এস এম গিয়াস উদ্দিন সম্রাট তার বক্তব্যে উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগরীসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয় সাংবাদিক সংস্থার বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয় এবং শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।