
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর |
নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর জেলা যুবদল। আজ বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়।
বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে খাড়াজোড়া এলাকা ঘুরে পুনরায় চন্দ্রা পুলিশ বক্সের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গাজীপুর জেলা যুবদলের সভাপতি ইয়াসিন আকরাম পলাশের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মণ্ডলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও ও ষড়যন্ত্র চালাচ্ছে। যেকোনো মূল্যে এ ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।